ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ব্লক রেইড’ চলছে। একইসঙ্গে আন্দোলনকারীদের কর্মসূচি থেকে আটক করা হচ্ছে শিক্ষার্থীদের। আটক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরাও।
এমন পরিস্থিতিতে ঢাবি প্রশাসনের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ঢাকাসহ সারাদেশে আটক ১৭ শিক্ষার্থীকে মুক্ত করে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া যে শিক্ষার্থী এরই মধ্যে কারাগারে রয়েছেন, তাদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো মাকসুদুর রহমান আমাদের সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ৮০-এর অধিক শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মুক্ত হওয়া শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের মোক্তার আহমেদ ও মোসা. রুকো খাতুন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নাজমুল শান্ত, ইতিহাস বিভাগের ইমরান সাদমান, শিল্পকলার ইতিহাস বিভাগের আবু তৈমুর, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মাসুম বিল্লাহ ও ইমরান মিয়া, ফিন্যান্স বিভাগের এম তামিম, ব্যাংকিং বিভাগের খায়রুল আজিম, আইবি ইনস্টিটিউটের রুবায়েত ফেরদৌস রনি, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের রাশেদ খান আদিব, ভূগোল ও পরিবেশ বিভাগের সাদমান আব্দুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোস্তাক তাহমিদ, মার্কেটিং বিভাগের আরমান খান আরমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আমির হাসান, বাংলা বিভাগের মোসাদ্দেক আলী ও আরবি বিভাগের আবিদ হাসান রাফি।
ঢাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক (মোবাইল নম্বর: ০১৭৬৮৮৮৪৪২৮) এবং ছাত্রীদের সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদের (মোবাইল নম্বর: ০১৭১১৫৭৬৩৮৯) সঙ্গে যোগাযোগের বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পাশে রয়েছি। ঢাকা ও ঢাকার বাইরে আটক ১৭ শিক্ষার্থীদের ছাড়িয়ে নিয়ে এসেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া ঢাবি শিক্ষার্থীদের যাতে হয়রানি না করা হয়, সেজন্যে দেশের সব থানায় বলা হয়েছে। আমরা আহত ৮০-এর অধিক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহায়তা করেছি। যেসব শিক্ষার্থীরা কারাগারে রয়েছে, তাদের আমরা আইনি সহায়তা দিচ্ছি।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
