নিজস্ব প্রতিবেদক।।
মাস্টার্স অব ফিলোসফি (এমফিল) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) চালু করবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (আইএইউ)। এই বিশ^বিদ্যালয়ভুক্ত মাদ্রাসাগুলোয় এমফিল-পিএইচডি চালুর লক্ষ্যে তৈরি করা হচ্ছে প্রবিধান।
গতকাল বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৪তম সভায় এ সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে।
‘আইএইউ জার্নাল প্রবিধান (নীতিমালা) ২০২৩’ নামে এ প্রবিধানে গবেষণা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে- আল-কুরআন, তাফসীর, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, ইসলামি অর্থনীতি, ইসলামি রাষ্ট্রনীতি, আকাঈদ, তাসাউফ, ইসলামি
দর্শন ও ইসলামের অন্যান্য বিষয়ে গবেষণা, পর্যালোচনা ও মূল্যায়ন। এ ছাড়াও কুরআন-সুন্নাহর দর্পণে সমসাময়িক জীবন সমস্যার অন্তর্নিহিত দিক অনুসন্ধান, যৌক্তিক বিশ্লেষণ ও উত্তরণের উপায় উন্মোচন নিয়েও গবেষণার সুযোগ পাবেন গবেষকরা।
ফলে এখন থেকে সারাদেশে ইসলাম ধর্মীয় আবহে পরিচালিত মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষালয়গুলোর শিক্ষক ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থী বা সংশ্লিষ্ট যে কেউই গবেষণা করার সুযোগ পাবেন। পরে এ গবেষণা মূল্যায়ন ও যাচাই-বাছাই শেষে সনদ প্রদান করবে প্রতিষ্ঠানগুলোর তদারক প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিশ^বিদ্যালয়ের অধীন দেশের প্রায় ১ হাজার ৭০০ -এরও বেশি মাদ্রাসা পরিচালিত হচ্ছে।
উপাচার্য জানান, ইসলামি জীবন ব্যবস্থা সম্পর্কে অ্যাকাডেমিক পর্যালোচনার মাধ্যমে সঠিক বিষয় উদ্ঘাটন, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে গবেষণা এবং ইসলামি মূল্যবোধের আলোকে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে দেশের ইতিহাস- ঐতিহ্য ও কৃষ্টি-কালচার বিষয়ে গবেষণা করারও সুযোগ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এ প্রবিধানে।
এ ছাড়াও মুসলিম শাসনামলের ইসলামি আইন ও বিচার, সমাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রনীতি বিষয়ের প্রায়োগিক চিত্র তুলে ধরা; মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে উচ্চতর গবেষণা পরিচালনা; ইসলামের আলোকে নতুন জ্ঞানের উদ্ভাবন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মতো সময়োপযোগী ও বাস্তবমুখী বিষয়গুলো এমফিল-পিএইচডি গবেষণায় গুরুত্ব পাবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
