গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।। 

দেশে সমন্বিত গণমাধ্যম নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারের তিন মাসের কর্মকাণ্ডের অগ্রগতিও তুলে ধরেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহার এবং ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিতেও অন্তর্ভুক্ত রয়েছে। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। আশা করা হচ্ছে, আগামী জুলাইয়ের মধ্যেই কমিশনসংক্রান্ত প্রস্তাব চূড়ান্তভাবে সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.