মেডিকেল কলেজে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ডাক্তারদের নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সংকট দূরীকরণে যথাসময়ে ডাক্তারদের পদোন্নতি প্রদান এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ডাক্তারদের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’।

বুধবার (১২ জুন) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র তৃতীয় বৈঠক কমিটি এই সুপারিশ করা হয়। বৈঠকে ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম এমপি’র সভাপতিত্বে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোঃ মাহবুবউল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, অপরাজিতা হক, মোঃ শাহরিয়ার আলম এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদীয় কমিটি বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের যন্ত্রপাতিসহ অন্যান্য ক্রয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের স্বেচ্ছাচারিতা, অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ডেপুটেশন বন্ধ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করা হয় এবং চলমান প্রকল্পগুলোর মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণ, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৬/৩০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.