নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ জেলায় অসুস্থ হয়ে মোহাম্মদ নূর উদ্দিন (৫৫) নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।
নূর উদ্দিন মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বুধবার সকালে উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তার।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন এই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন।
বুধবার সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন বলেন, ‘ওই ভোটকেন্দ্রে গতকাল রাতেই তার জায়গায় নূর মোহাম্মদ নামে নতুন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আজ সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
