এইমাত্র পাওয়া

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ক্লাস নিলেন ঢাবির রোবায়েত ফেরদৌস

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে (এমইউ) চালু হওয়া সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্স এবং প্রস্তাবিত জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগটি প্রশিক্ষিত জনশক্তি তৈরির মাধ্যমে সিলেট অঞ্চলে আদর্শিক সাংবাদিকতা চর্চায় নেতৃস্থানীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে এমইউ’র আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত এক বিশেষ লেকচার প্রদান ক্লাসে এ আশাবাদ ব্যক্ত করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ অধ্যাপক। এমইউতে চালু হওয়া সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের জন্য বিশেষ এ ক্লাসের আয়োজন করা হয়।

এসময় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন।

এমইউতে চালু হওয়া সার্টিফিকেট কোর্সের উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক ফেরদৌস বলেন, প্রিন্ট থেকে টিভি, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে বর্তমানে সাংবাদিকতার চর্চা হচ্ছে। সময়ের সাথে সাথে সাংবাদিকতার ধরনে পরিবর্তন এলেও সাংবাদিকতার যে মৌলিক ব্যাপার যেমন সততা, বস্তুনিষ্ঠতা, যথার্থতা এবং পক্ষপাতহীনতা এসব বিষয়গুলো সব সময়ই ঠিক থাকবে। বুনিয়াদি এ বিষয়গুলো থেকে সরে আসার কোন সুযোগ নেই।

আদর্শিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সততা ও আদর্শিক বিষয় ঠিক রেখে সাংবাদিকতা চর্চার মাধ্যমে যেন গণমানুষের কথাগুলো ওঠে আসে। আশা করি মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাংবাদিকতার কোর্স এ আদর্শিক বিষয়গুলো ধরে রেখে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার কথা বলবে।

এদিকে, আগামী ফেব্রুয়ারিতে সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মোকাম্মেল ওয়াহিদ।

প্রসঙ্গত, সিলেটের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গেল ৪ অক্টোবর থেকে এমইউতে সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্স চালু হয়। আগামী বছর থেকে সাংবাদিকতা বিভাগের অধীনে বিএসএস (অনার্স) কোর্স চালুর উদ্যোগও নিয়েছে এ বিশ্ববিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.