এইমাত্র পাওয়া

যে কারণে ভিপি নুরের রুমে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের রুমের দরজায় তালা লাগিয়েছেন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা।

অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে বুধবার দুপুরে নুরুল হক নুরের রুমের দরজায় তালা লাগানো হয়।

এর আগে ডাকসুর সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা। পরে ভিপি নুরের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

মানববন্ধনে ভিপি নুরের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক অধ্যাপক জামাল উদ্দিন।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ‌্যে নুরকে ডাকসুর ভিপি পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে ভিপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ভিপি হয়ে কেউ অনৈতিক কাজে লিপ্ত হবে, সেটি আমরা আশা করি না। আমাদের প্রত্যাশা- বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

গতকাল থেকে ডাকসুর ভিপি নুরুল হক নুরের এক অডিও কল রেকর্ডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে ভিপি নুরুল হক নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। নিজের ফেসবুক পেজে লাইভে তিনি জানান, ১৩ কোটি টাকা লেনদেনের বিষয়টি তার নয়, বরং তার আন্টির। এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এটাকে ইস্যু করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

নুরুল হক বলেন, ‘আমার এক আন্টির বিজনেসের লেনদেন ছিল সেটা। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। আর একজন আমাকে যে টাকা দিতে চেয়েছে তা আমরা চাইনি। উনি সাহায্য করতে চেয়েছেন। এখনো এ ধরনের কোনো লেনদেন হয়নি। এছাড়া, এরকম অসম্পূর্ণ রেকর্ডিং মানুষকে বিভ্রান্ত করবেই। সম্পূর্ণ রেকর্ডিং শুনলে বুঝতে পারবেন। এটা শুধু এক আংশিক কথোপকথন।’

তিনি বলেন, ‘এটা রাষ্ট্রের ছড়ানো প্রোপাগান্ডা। সরকার আতঙ্কে আছে। আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষকে একত্র করে সরকারের মুখোশ উন্মোচন করব, এই ভয়ে সরকার এসব মিথ্যা ষড়যন্ত্র করছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.