আল আমিন হোসেন মৃধাঃ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিন মাসের মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি)
সোমবার (২৫ মার্চ) মাউশির মনিটরিং এন্ড ইভালুয়েশান উইংয়ের পরিচালক প্রফেসর মোঃ আমির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য চেয়ে সব আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ের শ্রেণি শিক্ষকরা এমএমসি অ্যাপের মাধ্যমে আপলোড করা ক্লাসের ভিত্তিতে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করে থাকেন। কিন্তু এমএমসি অ্যাপে যান্ত্রিক ত্রুটির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের কোনও শ্রেণি শিক্ষক তাদের এমএমসি ক্লাসগুলো আপলোড দিতে পারছেন না।
এ অবস্থায় আঞ্চলিক উপ-পরিচালকরা (মাধ্যমিক) যেন তাদের নিজ নিজ অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে সব মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানুয়ারি থেকে মার্চ— এই তিন মাসের গৃহীত এমএমসি ক্লাসের তথ্য সংগ্রহ করে তা সার-সংক্ষেপ আকারে সংযুক্ত নির্ধারিত ছক মোতাবেক আগামী ৩১ মার্চের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইলে (director.mew@gmail.com) পাঠান সেজন্য অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।
নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ব্যতীত মাঠ পর্যায়ের অন্য কোনও শিক্ষা কর্মকর্তা বা কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে ই-মেইলে আলাদাভাবে এ সংক্রান্ত কোনও তথ্য পাঠানোর প্রয়োজন নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
