জয়পুরহাটঃ জয়পুরহাটে স্কুলের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৫ মার্চ) দুপুরে জয়পুরহাট আমলী-১ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। এদিন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুন জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় চত্তরের ৮টি বড় গাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে তিন লাখ ৫৫ হাজার টাকায় কাঠ ব্যবসায়ী প্রদীপ চন্দ্র হাওলাদারের কাছে ম্যানেজিং কমিটির মাধ্যমে বিক্রি করা হয়।
পরে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা তিন লাখ ৫৫ হাজার টাকার মধ্যে এক লাখ ৬০ হাজার টাকা পূবালী ব্যাংকে জয়পুরহাট শাখায় জমা দেন। আর বাকি এক লাখ ৯৫ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে সে আত্মসাৎ করেন। এ ঘটনায় বাদী হয়ে একই বিদ্যালয়ের দাতা সদস্য মোস্তাকিম হোসেন আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
