ফরিদপুরঃ প্রেমের টানে এবার মালয়েশিয়ান তরুণী ফরিদপুরের ভাঙ্গায় এসেছেন। রবিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের শেখবাড়ির সন্তান মালয়েশিয়াপ্রবাসী শামীম শেখের (৩৫) বাড়ি আসেন তিনি।
মালয়েশিয়ার ওই তরুণীর নাম সুহাইলা-বিনতে-আব্দুর রহমান (৩৬)। তিনি কুয়ালালামপুর শহরে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তিনি মালয়েশিয়ার এসপিএম (এসএসসি) পাস।
স্থানীয়রা জানান, শামীম শেখ তিন মাস আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসেন। তিনি ২০১৪ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান। সেখানে আড়াই বছর আগে সুহাইলার সাথে তাঁর পরিচয় হয়।
এক পর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শামীম শেখ রবিবার রাতে তাঁর আত্মীয়স্বজনের উপস্থিতিতে সুহাইলাকে বিয়ে করেন। বিদেশি বউ বাড়ি আসার খবরে সকাল থেকেই প্রতিবেশীসহ এলাকাবাসী শামীম শেখের বাড়িতে ভিড় করে। শামীম শেখের মা-বাবাসহ বাড়ির সকলেই বিদেশি বধূ পেয়ে খুশি।
শামীম শেখ বলেন, ‘২০১৪ সালে আমি মালয়েশিয়া যাই। বছর তিনেক আগে সুহাইলার সাথে তাঁর রেস্টুরেন্টে আমার পরিচয় হয়। এরপর তাঁর সাথে প্রেম হয়। আড়াই বছর ধরে আমাদের প্রেম চলে। আমি তিন মাস আগে দেশে আসি।
মালয়েশিয়া অবস্থান করে মালয়েশিয়ান কাউকে বিয়ে করা যায় না। তাই সুহাইলাও প্রেমের টানে রবিবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। আমিসহ আমার কয়েকজন নিকটাত্মীয় বিমানবন্দরে তাকে গ্রহণ করি। এরপর ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হই। ভাঙ্গা উপজেলা শহরে এসে আমরা বিয়ে করি। এরপর গ্রামের বাড়ি যাই। সুহাইলা খুবই ভালো মেয়ে।’
সুহাইলা বলেন, ‘শামীমকে প্রথম দেখেই আমার ভালো লেগেছে। এরপর আমার সাথে প্রেম হয়। ও খুব ভালো ছেলে। বাংলাদেশ খুব ভালো। শ্বশুর-শাশুড়ি আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন।’
শামীম শেখের বাবা মাহিজ উদ্দিন শেখ ও মা বেহুলা বেগম বলেন, পুত্রবধূকে পেয়ে আমরা অনেক আনন্দিত। মেয়েটি রোজা রেখেছে। আমাদের একমাত্র ছেলের বউ হিসেবে আমরা তাকে বরণ করেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৫৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
