নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত রমজানের আলোচনা সভায় ছাত্রলীগের হামলাকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। পাশাপাশি একে সম্পূর্ণ নব্য-মৌলবাদী ও ফ্যাসিবাদী কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়।
বুধবার (১৩ মার্চ) সংগঠনটি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার তীর্থস্থান। অথচ চলমান ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মিনি ক্যান্টনমেন্ট। যেখানে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা তাদের নিজস্ব চিন্তা-ভাবনা ও খোয়াবের বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে চলেছে প্রতিনিয়ত।
সম্প্রতি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ইফতার আয়োজন বন্ধের আহ্বান জানানোর পর বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিল আয়োজনে বিধিনিষেধ আরোপে শিক্ষার্থীদের সাড়া না পেয়ে আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে ন্যক্কারজনক হামলা করেছে বর্বর ছাত্রলীগ সন্ত্রাসীরা। এ হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী মো. শাহিন ও শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. সাকিবসহ আরও কয়েকজন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রমজান মাসে শিক্ষার্থীদের স্বাধীন ধর্মীয় চর্চার মতো আয়োজনে এধরনের সন্ত্রাসী হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। একই সঙ্গে হিংসাত্মক সব পথ পরিহার করে রমজানের পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রেখে ক্যাম্পাসে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদাত্ত আহ্বান জানান। অন্যথায় অতি-উৎসাহী ভূমিকার জন্য ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে এদেশের শিক্ষার্থীদের কাঠগড়ায় অচিরেই জবাবদিহিতা ও যথাযথ বিচারের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেন।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৪/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
