এইমাত্র পাওয়া

কয়েক দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা বেড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রবিবার সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সারা দেশে রোববার দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার (১১ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর পরদিন মঙ্গলবার (১২ মার্চ) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী মঙ্গলবার (১২ মার্চ) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

রবিবার দেশের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগের দিন শনিবার (৯ মার্চ) রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.