হবিগঞ্জঃ প্রেমের টানে হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বাড়িতে ছুটে এসেছেন ফিলিপাইন তরুণী জুবেলিন। গত ৪ মার্চ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আশিকুর রহমান মিশুকে বিয়ে করতে বাংলাদেশে আসেন জুবেলিন।
গত মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে বিয়ে করেন ফিলিপাইন এই তরুণী ও মাধবপুরের আশিকুর রহমান মিশু।
জুবেলিন বলেন, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। এখানকার পরিবেশ, মানুষের আন্তরিকতা এবং সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি চির দিন তাদের সঙ্গে থাকতে চাই।
আশিকুর রহমান মিশু বলেন, জুবেলিন খুবই ভালো মেয়ে। দুইজনের সম্মতিতে বিয়ে হয়েছে। আমার পরিবারের লোকজন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। জুবেলিনও এই বিয়েতে খুশি।
জানা গেছে, মাধবপুরের ধর্মঘর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশু। চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে কাতারে যান মিশু। সেখানে ফিলিপাইনি তরুণী জুবেলিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে তাদের সম্পর্কও গভীর হতে থাকে।
মিশুর বাবা লুৎফুর রহমান বলেন, জুবেলিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার নাম এখন জান্নাত রহমান রাখা হয়েছে। বিদেশি নতুন বউকে দেখতে এলাকাবাসীসহ অনেকেই বাড়িতে ভিড় করছে।
মিশুর চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে আলাদা একটি বিয়ে ছিল এটি। বিদেশি নতুন বউ দেখতে অনেকেই বাড়িতে এসেছে, মানুষের ভিড় লেগেই আছে। বিদেশি হলেও বউ খুব শান্ত প্রকৃতির। আমরা জান্নাতকে সম্পূর্ণ মর্যাদা দিয়েই ঘরে তুলেছি। বউ সবার সঙ্গে মিলে মিশে সুন্দরভাবে সংসার করবে বলে আমি আশা করছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
