ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সীমিতকরণ, অবাধে যান চলাচল নিয়ন্ত্রণ এবং শব্দদূষণমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের এই কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করা সম্ভব নয়, তবে বহিরাগত সীমিতকরণ সম্ভব। বিভিন্ন দিবস ও উৎসব পালনে ক্যাম্পাসে বহিরাগতদের যাতায়াত বেড়ে যায়। শিক্ষার্থীদের নিজেদেরকে বহিরাগত মনে হয়। আমাদের দাবি, পরিবেশবান্ধব ক্যাম্পাস চাই।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসিন হাফসা বলেন, জাতীয় ছুটির দিন ও বিভিন্ন উৎসবের দিনে ক্যাম্পাস যেন পর্যটন এলাকায় পরিণত হয়। টিএসসির কাছে নারী শিক্ষার্থীদের দুটি হল রোকেয়া হল এবং শামসুন্নাহার হল রয়েছে। তাদের অনেকেই টিউশনি শেষ করে হলে ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। আর এসময় প্রায়ই ফিজিক্যাল ও মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হতে হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রেদওয়ান ইসলাম বলেন, এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টে ক্লাস চলমান। ক্লাস না করে এখানে দাঁড়িয়েছি। কারণ ক্লাসের চাইতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি।
আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, আমরা প্রথমেই বলতে চাই, আমরা বহিরাগতমুক্ত ক্যাম্পাস নয় বরং বহিরাগত সীমিত ক্যাম্পাস এবং বহিরাগত যানবাহন সীমিতকরণ চাই। আমাদের দ্বিতীয় দাবি শব্দদূষণ মুক্ত ক্যাম্পাস।
পরে ঐ শিক্ষার্থীরা টিএসসি থেকে উপাচার্য কার্যালয় অভিমুখে পদযাত্রার করে এবং উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলো হলো— ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সীমিতকরণ; অবাধ যান চলাচল নিয়ন্ত্রণ; অনিয়ন্ত্রিত গাড়ির হর্ন ও যত্রতত্র শব্দদূষণ প্রতিরোধ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
