সঠিক পরিচর্যা না করায় গ্রামের শিশুরা শিক্ষায় তুলনামূলক কম পারদর্শী। এসব ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের শিশুদের প্রাক প্রাথমিকের পাশাপাশি বাড়িতে বিশেষ নজর দিলে তারা বেশি পারদর্শী হয়ে ওঠার সুযোগ পায়। ‘বাংলাদেশের প্রাক শৈশব শিশুর মেধা বিকাশ উন্নয়ন’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
খুলনা ও সাতক্ষীরার পাঁচ উপজেলার ৪০টি গ্রামের প্রায় সাত হাজার শিশুর ওপর এ গবেষণা চালানো হয়। গবেষণাটি করেন অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবলিটির পরিচালক আসাদ ইসলাম।
তিনি গবেষণায় প্রাক-শৈশব স্তরের শিশু ও অভিভাবকদের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটানো যায় সেটা দেখার চেষ্টা করেছেন। প্রাথমিক স্কুলে লেখাপড়া করার আগে স্কুলে যাওয়ার উপযোগী করে তোলার জন্য দুই বছর হতে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়ে চার বছর ধরে গবেষণাটি করা হয়।
এ গবেষণায় তিনটি ধাপ অনুসরণ করা হয়েছে। এতে অংশ নেওয়া শিশুদের জন্য আওতাভুক্ত গ্রামগুলোতে একটি করে প্রি-স্কুল প্রতিষ্ঠা করা হয়। সেখানে কিছু শিক্ষার্থীকে বিনামূলে পড়াশোনা করানোর ব্যবস্থা করেন গবেষক। কিছু কিছু জায়গায় স্কুলের পাশাপাশি শিক্ষকদের দিয়ে বাড়িতে গিয়ে (হোম ভিজিট) শিশুদের মায়েদেরও বিশেষ দক্ষতা অর্জনের চেষ্টা করানো হয়। এছাড়া শুধু প্রি-স্কুল না করে শিক্ষকরা বাড়িতে গিয়ে শিশুদের মায়েদের দক্ষতা অর্জনের চেষ্টা করেন।
সোমবার খুলনা নগরীতে হোটেলে ওই গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষক। তিনি বলেন, দেখা গেছে যেসব প্রি-স্কুলের শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে মায়েদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের শিশুরা শিক্ষায় তুলনামূলক বেশি পারদর্শী হয়েছে।
গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজ আহমেদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
