নিজস্ব প্রতিবেদক।।
অবশেষে অবৈধভাবে ভর্তি হওয়া প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। তারা চলতি বছরের জানুয়ারিতে ভর্তি হয়েছিল।
ভিকারুননিসার একজন জ্যেষ্ঠ শিক্ষক বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। ওই শিক্ষার্থীদের ভর্তি বাতিলের বিষয়টি আজ তাদের অভিভাবকদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, অবৈধভাবে ভর্তি শিক্ষার্থীদের ভর্তি বাতিল করে বুধবার (৬ মার্চ) হাইকোর্টকে জানানোর নির্ধারিত তারিখ রয়েছে। তার আগেই এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করল ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষকে ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের ভর্তি বাতিল করে মাউশিকে জানাতে বলা হয়।
মাউশির চিঠিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত।
এ অবস্থায়, ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ভিকারুননিসা নূন স্কুলের বিভিন্ন শাখায় ১৬৯ শিক্ষার্থীকে ভর্তিতে অনিয়মের অভিযোগ তুলে দুই শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। সাড়া না পেয়ে ওই দুই অভিভাবক হাইকোর্টে রিট করেন। গত ২৩ জানুয়ারি হাইকোর্ট ১০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। সে অনুযায়ী ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয় মাউশি।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
