ঢাকাঃ বাংলাদেশ রোভার স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। তারা হলেন- লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আলমগীর হোসেন, ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাজেদা আক্তার সাথী এবং হিসাববিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নেছার উদ্দীন।
সোমবার (৪ মার্চ) বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রোগ্রাম) একেএম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, পিআরএস একটি দীর্ঘযাত্রা। এই অ্যাওয়ার্ড কখনও একা অর্জন করা যায় না। এটি অর্জনের পেছনে কতজনের কতভাবে দিকনির্দেশনা ও পরামর্শ প্রয়োজন হয় তা শুধু ‘পিআরএস’ একজন পরীক্ষার্থীই জানে। বিশ্ববিদ্যালয়ের জীবনের সম্মানিত শিক্ষকবৃন্দ, অগ্রজ ও অনুজদের সার্বিক সহযোগিতা ও নিজ পরিশ্রমের সমষ্টিই আমাদের এই অর্জন। মহান আল্লাহর প্রতি ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
গার্ল-ইন-রোভার সাজেদা আক্তার সাথী বলেন, স্কাউটিং শব্দটির ধারণা আসে যখন আমি সামসুল হক খান স্কুল এন্ড কলেজে পড়ি। মো. ইসমাইল হোসেন জাবেদ ভাই হতে প্রথম অনুপ্রাণিত হই স্কাউটিং বিষয়ে। কিন্তু বয়স না থাকায় স্কাউটিং এ অংশগ্রহণ এর সুযোগ হয়নি। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং জানতে পারি এখানে রোভারিং আছে তখনই আমি জয়েন হই। আর আমার কার্যক্রম শুরু হয়। স্কাউটিং এর প্রতিজ্ঞা, আইন, সৃষ্টিকর্তার প্রতি সেবা, আত্মসেবা, সমাজসেবাসহ অনেক বিষয় শেখার, জানার, আয়ত্ব করার সুযোগ হয়েছে এই প্লার্টফর্মে। যখন আমি আমাদের ডেনে প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড এর বোর্ডটি দেখতাম তখন আরও বেশি অনুপ্রাণিত হতাম আবার আফসোসও করতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পর গার্ল-ইন-রোভার এওয়ার্ডটি পাননি কেউ। তখন থেকে আরও বেশি স্বপ্ন ছিল আমারও একটা পরিচয় হউক। যার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে।
রোভার মো. নেছার উদ্দীন বলেন, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনের জন্য মনোনীত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন আমাকে আগামী দিনে স্কাউট আন্দোলন, দেশ ও মানবকল্যাণে কাজ করার জন্য উৎসাহ যোগাবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তা, আমার পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক, লিডারবৃন্দ, সিনিয়র সকল পিআরএস ও অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার বন্ধুদের প্রতি, যাদের আন্তরিক সহযোগীতায় এই সম্মানজনক ও মর্যাদাপূর্ণ এ্যাওয়ার্ড অর্জনের জন্য মনোনীত হয়েছি।
এই অর্জনে আনন্দিত হয়ে রোভার আলমগীর হোসেন বলেন, স্কাউটিং শুরু করি স্কুল জীবন থেকে। সেই সময় থেকেই স্কাউটিংয়ের প্রতি একটা প্যাশন ছিল। ‘পিএস’ পরীক্ষা দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দিতে পারিনি। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ‘পিআরএস’ পরীক্ষার জন্য অনেক সময় দিয়েছি। পরিশেষে ‘পিআরএস’ অর্জন করতে পেরে খুবই ভালো লাগছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের হয়ে পিআরএস অর্জন করতে পারায় নিজেকে গর্বিত মনে করছি। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই অর্জন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, বিশ্ববিদ্যালয় হওয়ার পর এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। এ অর্জনের সাথে জড়িত আমাদের গ্রুপের সম্মানিত সভাপতি উপাচার্য মহোদয়, ট্রেজারার, রোভার স্কট লিডারবৃন্দসহ সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের রোভাররা এই ধরনের সাফল্য অর্জনের ধারা অব্যাহত রাখবে এবং দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
