গোপালগঞ্জঃ জেলার কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত রবিবার (৩ মার্চ) কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষক মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাশিয়ানী উপজেলার বাগঝাপা এলাকায় বেশ কিছুদিন যাবৎ হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রসা নামে একটি অনুমোদনহীন আবাসিক ও অনাবাসিক মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন হেলাল খাঁ।
ভুক্তভোগীর বরাতে তিনি বলেন, “মাদ্রাসার বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে ওই শিক্ষক। সর্বশেষ, গত ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার দুই কর্মচারী ফায়েকুজ্জামান ও মোসা. খাদিজা বেগমের সহায়তায় ওই ১০ বছরের ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়।”
এ ঘটনায় গত রবিবার নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত অপর দুজন পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমি মাদ্রাসায় আরেক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার বলে জানিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. দ্বীপ সাহা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
