এইমাত্র পাওয়া

রোজায় ২১ মার্চ পর্যন্ত চালু থাকবে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন রমজানে ২১ মার্চ পর্যন্ত চালু থাকবে দেশের ০৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ী / দাখিল / আলিম/ ফাজিল / কামিল মাদ্রাসাসমূহের শ্রেণি কার্যক্রম।

মঙ্গলবার এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ৫৭.०0.0000.0.0.০১০.২১-১৫ নং স্মারকে জারিকৃত দেশের ০৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ী / দাখিল / আলিম/ ফাজিল / কামিল মাদ্রাসাসমূহের জন্য ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে আগামী ০৭ মার্চ ২০২৪ তারিখ হতে ২১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত মোট ১৫ (পনেরো) দিন শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

উপরিল্লিখিত নির্দেশনার প্রেক্ষিতে ০৭ মার্চ ২০২৪ তারিখ হতে ২১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত মোট ১৫ (পনেরো) দিন শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করে বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দেশের সকল মাদ্রাসার অধ্যক্ষ/সুপার/ এবতেদায়ী প্রধানদের মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় রোজায়ও ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর একই পথে হাঁটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। তবে প্রাথমিক বিদ্যালয় রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোও ১০-২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ রোজায় খোলা রেখে বিজ্ঞপ্তি জারির মধ্যেই গত ১১ ফেব্রুয়ারি ছুটির বর্ষপঞ্জি প্রকাশ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তাতে ৭ মার্চ থেকে পুরো রমজানে মাদরাসা ছুটির তথ্য জানানো হয়। এ নিয়ে তখন স্কুল-কলেজের শিক্ষকরা আপত্তি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকার রমজানে মাদরাসাও খোলা রাখার নির্দেশনা দিলো।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরুর একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ১২ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.