এইমাত্র পাওয়া

অগ্নি দুর্ঘটনা এড়াতে জবি প্রশাসনের নির্দেশনা

ঢাকাঃ অগ্নিজনিত দুর্ঘটনা এড়াতে নানামুখী নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। রোববার (৩ মার্চ) এ বিজ্ঞপ্তি স্বাক্ষর হয়।

অফিস আদেশে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন, ক্লাস, অফিস কক্ষ, বারান্দা ও সিঁড়ি সমূহের যে সকল স্থানে কলাপসিবল গেইট রয়েছে সেই গেইটগুলো খোলা রাখতে হবে। পাশাপাশি যেসকল ক্লাস, ল্যাব ও অফিস কক্ষে এসি রয়েছে সেসব জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে।

জানা যায়, রাজধানীতে কয়েকটি বহুতল ভবনে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত অর্থাৎ দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মোহাম্মদ কামাল হোসেন সরকার বলেন, আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের কলাপসিবল গেইটগুলো খোলা থাকবে। সংশ্লিষ্টরা বিষয়টি তদারকি করবেন।

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনই কোন না কোনভাবে ঝুঁকিপূর্ণ। তাই দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপক ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কলাপসিবল গেইটগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.