এইমাত্র পাওয়া

চট্টগ্রামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

চট্টগ্রামঃ চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনীসহ ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আরো ৬টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে নৌবাহিনীর ২টি ইউনিট ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি আগুনে পুড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ওই মিলের কর্মকর্তারা বলছেন, সুগার মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত চিনি রাখা ছিল। আগুনের তীব্রতা বাড়ার কারণে অন্য গোডাউনে আগুন ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে সুগার মিলের আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসতে আরো কমপক্ষে ২ ঘণ্টা লাগতে পারে বলে জানান ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.