এইমাত্র পাওয়া

ঢাবি ছাত্রদলের সভাপতি সাহস, সাধারণ সম্পাদক শিপন

ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাহিদুজ্জামান শিপন।

শুক্রবার (১ মার্চ) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে একইসাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদেরও নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে।

নতুন এ কমিটির সভাপতি গণেশ সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী কমিটিতে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষা বর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনিও সংগঠনটির সদ্য বিদায়ী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া নবগঠিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মাসুম বিল্লাহ, সহ-সভাপতি পদে আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক পদে নূর আলম ভুইয়া ইমনকে মনোনীত করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.