ঢাকাঃ উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন-দ্য গ্রেট স্কলারশিপ’-এর মাধ্যমে এই বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির আওতায় দেশি শিক্ষার্থীরা অটাম ২০২৪ সেশন থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবে। ইতিমধ্যে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৃত্তি কর্মসূচির আওতায় এ বছর যুক্তরাজ্যের ৭১টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের ফাইন্যান্স, মার্কেটিং, বিজনেস, সাইকোলজি ডিজাইন, হিউম্যানিটিজ ও ডান্সসহ অন্যান্য বিষয়ে স্নাতকোত্তর করার ক্ষেত্রে ১৫টি গ্রেট স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়।
মিনিস্ট্রি অব জাস্টিসের অংশীদারত্বে এই বৃত্তি কর্মসূচির আওতায় আইন ও বিচার বিষয়ে অধ্যয়নের জন্য তিনটি বৃত্তি দেওয়া হবে।
এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। মানবাধিকার, সম্পত্তি আইন, ফৌজদারি বিচার ও বাণিজ্য আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়াও এই প্রগ্রামের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়া যাবে। এই বৃত্তির অধীনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিং এবং মনোবিজ্ঞানের মতো বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা।
https://studz-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships এই লিংক এ প্রবেশ করে এই বৃত্তি কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
