এইমাত্র পাওয়া

বুয়েটসহ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটা না থাকার বিধান চ্যালেঞ্জ করে রিট

ঢাকাঃ বুয়েট, চুয়েট, রুয়েট ও কুয়েটে মুক্তিযোদ্ধা কোটা না থাকার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে রিটটি দায়ের করেছেন এক বীর মুক্তিযোদ্ধার সন্তান।

রিটে বলা হয়, ২০২৩-২০২৪ সালে এই চারটি প্রতিষ্ঠানের একটিও মুক্তিযোদ্ধা কোটা রাখেনি। কাজেই ভর্তি পরীক্ষা শেষে এবারই যেন ৫% মুক্তিযোদ্ধা কোটা দেয়া হয় সে বিষয়েও আবেদনে বলা হয়।

রিট পিটিশনটি দায়ের করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম। এর আগে ২০২১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথম বর্ষ ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি জানিয়ে লিখিত চিঠি দিয়েছিলেন তিনি।

পরবর্তীতে বুয়েট কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা করে। পরে অহিদুল ইসলামকে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন একটি লিখিত চিঠির মাধ্যমে জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পোষ্যদের জন্য ভর্তির কোটা থাকলেও বুয়েটে কখনও কোনো কোটা ছিল না। মুক্তিযুদ্ধের পর থেকে কোনো কোটা ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। কোটা সিস্টেম চালু হলে বুয়েটের শিক্ষা কার্যক্রমের স্ট্যান্ডার্ড ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে মত নেই বুয়েটের।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.