কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, পাহাড়ি সংস্কৃতি ও বাঙালি সংস্কৃতির যে ভিন্নতা তাকে সমন্বয় করে এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পাহাড় ও সমতলের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, পাহাড়ি ও সমতলদের মাঝে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করে কিভাবে সুশাসনকে এগিয়ে নেওয়া যায়, পড়াশোনাকে এগিয়ে নেওয়া যায় এবং পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গিয়েছেন। তিনি বলেন, আমাদের সংস্কৃতি ও আচার-আচরণের মধ্যে ভিন্নতা আছে কিন্তু আমরা সবাই বাংলাদেশী। বাংলাদেশের মধ্যে রাঙামাটি জেলা সাংস্কৃতিক দিক থেকে বিশাল সমৃদ্ধ এবং কুষ্টিয়া জেলাকেও সাংস্কৃতিক ও ঐতিহ্যের অন্যতম হাব বলা হয়। এই সমৃদ্ধ দুই কালচারকে আরও শানিত করার জন্য আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে।
এপিএ টিমের আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, ইসলামী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
