এইমাত্র পাওয়া

জাবির ধর্ষণকাণ্ড: ইউজিসির আট সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা পরিদর্শনের প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৮ সুপারিশ করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনের সুপারিশগুলো হলো-

১. গত ৩ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে সংঘটিত ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ন্যূনতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।

২. বিভিন্ন সময়ে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

৩. জাবি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, তাই হলের আসন সংখ্যার সমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হওয়া বাঞ্ছনীয়।

৪. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বহিরাগতদের প্রবেশের যে ৩টি রাস্তা রয়েছে তা বন্ধ করে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে পারে।

৫. ক্যাম্পাসে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা উচিৎ এবং প্রতিটি স্থান নজরদারীর আওতায় নিয়ে আসা প্রয়োজন।

৬. ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের অবশ্যই হলের নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য করতে হবে।

৭. নিয়মিতভাবে শিক্ষাজীবন সম্পন্ন করা শিক্ষার্থীদের হলের সিট অবশ্যই বাতিল করে হলে অবস্থান নিষিদ্ধ করতে হবে।

৮. বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ব্যতীত বহিরাগত কেউই হলের কক্ষে প্রবেশ এবং হলে অবস্থান কার্যকরভাবে নিষিদ্ধ করতে হবে।

সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়ন করে কমিশনকে লিখিতভাবে অবহিত করার অনুরোধও জানানো হয়।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, সুপারিশগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা নেই বললেই চলে। জাবির আইনে যেগুলো মানা সম্ভব, সেগুলো আমরা অবশ্যই মানব। আর এ জন্য শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। তবে বহিরাগতদের প্রবেশের বিকল্প রাস্তা তৈরিতো এতো সহজ নয়, আমরা গেট বন্ধ করতে পারি। আমরা এ বিষয়ে ইউজিসির সহযোগিতা চাইবো।

তিনি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নিপীড়ক শিক্ষক হলেও তার কোন ছাড় নেই। নিয়মের বাইরে আমি কিছুই করবো না। নিয়মে যা শাস্তি হয়, তাই দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.