এইমাত্র পাওয়া

বশেমুরবিপ্রবি: ২ শিক্ষকে চলছে ৩১০ শিক্ষার্থীর পাঠদান

গোপালগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সংকট দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক বিভাগে শিক্ষক নিয়োগ দিয়েছে। তবে সেই সুযোগের বাইরেই থেকে গেছে বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগটি। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এ বিভাগের শিক্ষার্থীরা রয়েছে চরম দুর্ভোগে।

জানা যায়, আন্তর্জাতিকভাবে শিক্ষক-শিক্ষার্থীর আদর্শ অনুপাত ১:২০ (২০ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক) হলেও বিভাগটিতে এই হার ২: ১৫৫। বিভাগটির ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোট ছয়টি ব্যাচের পাঠদান চালাচ্ছেন মাত্র দুইজন শিক্ষক। এমন শিক্ষক সংকটে বিভাগটির শিক্ষার্থীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

জানা যায়, বিভাগটিতে পাঁচ বর্ষের সর্বমোট ১০ সেমিস্টারে মোট ২০১টি ক্রেডিটের তত্ত্বীয় ও ল্যাব রয়েছে। বিভাটিতে বর্তমানে পাঁচ বর্ষে দেশি ও বিদেশি তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিভাগটিতে মোট তিনজন শিক্ষক রয়েছেন। এরমধ্যে সহকারী অধ্যাপক মোসা. হুর-ই-জান্নাত ও ড. মার্জিয়া আফরোজ বিশ্ববিদ্যালয়ে থাকলেও আরেক শিক্ষক মো. শরিফুজ্জামান ২০২২ সালের আগস্টে শিক্ষা ছুটিতে দেশের বাইরে গেছেন। এছাড়াও বিভাগটির সাবেক সভাপতি ড. মো. নাজমুল হক গত বছরের ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। অন্যদিকে বর্তমানে শিক্ষক সংকটের কারণে বিভাগটির চতুর্থ বর্ষের সব ক্লাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অতিথি শিক্ষক অনলাইনে করাচ্ছেন৷

শিক্ষক সংকটের বিষয়ে এএসভিএম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট চলছে। আমাদের অন্যান্য বিভাগ থেকে পাঠ্যক্রমের তত্ত্বীয় ও ল্যাবের বিষয়গুলো বেশি। পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমাদের পাঠ গ্রহণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্যার সমাধান করুক।

এএসভিএম বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোসা. হুর-ই-জান্নাত বলেন, আসলে যথেষ্ট শিক্ষক না থাকায় আমাদের দুজন শিক্ষকের বেশ বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে আমাদের সমস্যাগুলো সমাধান হতো।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, শিক্ষক সংকট মোকাবিলায় আমরা বিভিন্ন বিভাগে এরই মধ্যে শিক্ষক নিয়োগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা এই বিভাগেও শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেব।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, এরই মধ্যে আমরা বেশ কয়টি বিভাগে শিক্ষক সংকট দূর করেছি। এএসভিএম বিভাগের শিক্ষক সংকটের বিষয়ে আমরা রিজেন্ট বোর্ডে আলোচনা সাপেক্ষে নিয়োগ দিব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.