এইমাত্র পাওয়া

পিরোজপুরে ছয় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই সুপেয় পানি

পিরোজপুরঃ জেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা। এতে স্বাস্থ্যঝুঁকিতে জেলার লক্ষাধিক শিক্ষার্থী। শিশুর মানসিক বিকাশেও বাধাগ্রস্ত হচ্ছে এমন পরিবেশ।

খোঁজ নিয়ে যায়, পিরোজপুরে শিক্ষাপ্রদানের মানে ঊর্ধ্বগতি থাকলেও বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা। পাওয়া যায় না সুপেয় পানিও। অনেক প্রতিষ্ঠানের টয়লেটগুলো পুরনো হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় পরিচ্ছন্নও রাখা সম্ভব হচ্ছে না। বেশির ভাগ প্রতিষ্ঠানে টিউবঅয়েল না থাকায় পানির জন্য নদী কিংবা পুকুরের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে মেধা বিকাশের সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।

খানাকুনিয়ারী এলাকার বাসিন্দা সোহেল শেখ বলেন, আমার ছেলে খানাকুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। এই স্কুলে আমার ছেলে বেশ কয়েক বছর ধরে পড়াশোনা করছে। কিন্তু শিক্ষকদের বারবার বলার পরও এই বিদ্যালয়ের সুপেয় পানির সমস্যার সমাধান হয়নি। আমাদের দাবি বিদ্যালয়ে সুপ্রিয় পানির ব্যবস্থা করা হোক।

পৌর এলাকার খুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমেদ বলেন, আমাদের বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ। যার কারণে এখানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে বিদ্যালয় ভবন নতুনভাবে করা হলে এখানের স্যানিটেশন ব্যবস্থা এবং সুপ্রিয় পানির সমস্যা সমাধান হবে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী বলেন, জেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় এক দিকে যেমন আক্রান্ত হচ্ছে পেটের নানা অসুখে অন্য দিকে বাধাপ্রাপ্ত হচ্ছে শিশু শিক্ষার্থীদের মানসিক বিকাশ।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি বলেন, কিছু প্রতিষ্ঠানে স্যানিটেশন নির্মাণকাজ শুরু হয়েছে। শিক্ষার্থীদের বাড়ি থেকে সুপেয় পানি নিয়ে এসে পান করতে বলা হয়েছে। স্যানিটেশন ব্যবস্থা সুন্দর করার জন্য আমরা ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে। জেলার ৯৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ছয় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা। আর এতে ঝুঁকিতে পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৪০ হাজার শিক্ষার্থী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.