ঢাকাঃ ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও এলেসান্দ্রো বাংলাদেশের সাথে সম্পর্ককে ‘বিশেষ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, প্রায় দুই লাখ বাংলাদেশী অভিবাসী ইতালিতে রয়েছেন, যারা দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। বৈধ উপায়ে আরো বাংলাদেশীকে নিতে চায় ইতালি।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করে তিনি এ আগ্রহের কথা জানান।
উভয়েই ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় সফর এবং ২০২৩ সালে জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা স্মরণ করেন। পররাষ্ট্র মন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। ড. হাছান চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন।
এ দিন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত আগামী ১ থেকে ৩ মার্চ আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের তৃতীয় সম্মেলনের ওপর আলোকপাত করেন। তিনি এতে পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। চলতি বছর বাংলাদেশের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়ে তারা আলোচনা করেন।
ইউক্রেন যুদ্ধ, গাজায় যুদ্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি তুরস্কে বাংলাদেশীদের বৈধ অভিবাসন বৃদ্ধি, অবৈধ অভিবাসন প্রতিরোধ ও দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ বৈঠকে স্থান পায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
