চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হাতে একই বিভাগের শিক্ষার্থীর যৌন নিপীড়ন ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার বিকেলে ১৩ দিন পরে অভিযোগ সেল তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেন। সেলের আহ্বায়ক অধ্যাপক ড. জরিন আখতার এই প্রতিবেদন জমা দেন। তবে প্রতিবেদনে কী বলা হয়েছে সে সম্পর্কে কেউ কিছু জানা যায়নি।
প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে অধ্যাপক ড. জরিন আখতার বলেন, ‘প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত দিবেন।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য জানান, শুক্রবার সিন্ডিকেট সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্রী একই বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুব মতিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন, যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন গত ৩১ জানুয়ারি। গত ১ ফেব্রুয়ারি যৌন নির্যাতনের শিকার ছাত্রী উপাচার্য বরাবর বিচার চেয়ে একটি লিখিত আবেদন করেন।
উপাচার্যের কাছে দেওয়া অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের থিসিস করছেন তিনি। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাঁকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। পরীক্ষাগারে ও নিজের কক্ষে ডেকে নিয়ে একাধিকবার ওই অধ্যাপক তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, জড়িয়ে ধরাসহ নানাভাবে যৌন হয়রানি ও নিপীড়ন করে আসছেন।
এ ছাড়া গেল ৬ জানুয়ারি গবেষণাগারে তাঁকে একা পেয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা প্রকাশ না করতে ওই শিক্ষক তাঁকে ও তাঁর সহপাঠীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।
পরবর্তীতে সেই শিক্ষককে গত ২ ফেব্রুয়ারি একাডেমিক সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত করার জন্য যৌন নিপীড়ন অভিযোগ সেলকে নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে বিক্ষোভ চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
