এইমাত্র পাওয়া

একুশে পদক পাচ্ছেন ঢাবির দুই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২১জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৪ এর একুশে পদকের তালিকায় রয়েছেন ঢাবি দুই শিক্ষক।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা থেকে জানা যায়, ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে একুশে পদক-২০২৪ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। সেই সঙ্গে আবৃত্তিতে ঢাবির সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তীও এই পদকে ভূষিত হয়েছেন।

২০১৮ সালের ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক সামাদ। কবি হিসেবে মুহাম্মদ সামাদ সুপরিচিত। জাতীয় কবিতা পরিষদের সভাপতি তিনি। দেশের সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারির একজন ব্যক্তিত্ব অধ্যাপক সামাদ। গবেষণা, কবিতা ও অনুবাদ মিলিয়ে দেশে-বিদেশে তার প্রায় ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অর্ধশতাধিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মুহাম্মদ সামাদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং চীনের ইন্টারন্যাশনাল পোয়েট্রি ট্রান্সলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি) ও গ্রিক একাডেমি অব আর্টস অ্যান্ড লেটারস ঘোষিত ‘প্রাইজেস ২০১৮: ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট’ পুরস্কার লাভ করেন। এ ছাড়াও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

অন্যদিকে রূপা চক্রবর্তী এক একজন দেশ বরেণ্য প্রথিতযশা আবৃতি শিল্পী। তিনি আবৃত্তির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষায় ইনস্টিটিউটের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.