এইমাত্র পাওয়া

‘মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ’ পাবে ঢাবির শিক্ষার্থীরা

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভর্তির শুরুতেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এ বছরের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রম শুরু হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ছাত্রশিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়েলনেস ফেস্টিভ্যালে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের এ বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করা সহজ হয় না। গ্রাম থেকে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বন্ধনহীন হয়ে পড়ে। এখানে তারা নানাভাবে প্রভাবিত হয়। আমরা বলি, বিশ্ববিদ্যালয়ে ফুল আছে, ফুলের কাঁটাও আছে। অনেকেই আত্মহননের পথ বেছে নেয়।

তিনি বলেন, কেউ কেউ আছে, আত্মহত্যার পথে হয়ত যায় না। কিন্তু তাদের পরীক্ষার ফল খারাপ হয়, বছর গ্যাপ হয়, বারবার মানোন্নয়ন পরীক্ষা দেয়। তাদের মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে সহজে উত্তরণ করতে পারবে।

উপাচার্য আরো বলেন, আমরা ছাত্র নির্দেশনা ও পরামর্শ দফতরের পরিচালক ও সাইকোলজিস্ট ড. মেহ্জাবীন হক, ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকোলজি, এডুকেশন সাইকোলজি বিভাগের চেয়ারম্যানকে নিয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবার জন্য একটি ‘ব্রুশিয়ার’ তৈরি করেছি। এটি দেখে দেওয়ার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) বরাবর পাঠিয়েছি। তিনি দেখে মতামত দিয়েছেন। এটিকে আরো উন্নত করার জন্য আমরা বিভাগের কাছে পাঠাব।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা আসবে, তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই স্বাস্থ্যসেবাটি দেওয়া। তারা যেন মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকে। প্রথম থেকেই তাদের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। এ বছর জুলাই থেকে যে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে, তাদেরকে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া বিভাগগুলোর প্রত্যেক বর্ষের সিআর, শিক্ষার্থী উপদেষ্টাদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.