নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রংপুর বিভাগের ৮ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে বৃষ্টির কোনো আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এতে বলা হয়েছে, রংপুর বিভাগের ৮ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায় তা অব্যাহত থাকতে পারে।
৭২ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, এই তিন দিন অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বৃষ্টির কোনো আভাস নেই।
কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া পরবর্তী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
