চট্টগ্রামঃ ছাত্রী ধর্ষণচেষ্টায় অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছে রসায়ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই আন্দোলন চলমান রয়েছে।
রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ রহমান বলেন, আমাদের দাবি বিশ্ববিদ্যালয় বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে হবে এবং শিক্ষককে স্থায়ী বহিষ্কার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে ঘোষণা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
ওয়াশিমুল হক নামে আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষকেরা আমাদের অভিভাবক তারা যদি আমাদের সঙ্গে এরকম খারাপ আচরণ করেন তাহলে এটা লজ্জাজনক। আমরা বলতে চাই, শুধুমাত্র আমাদের বান্ধবী না, এর আগেও অনেক শিক্ষার্থী এই শিক্ষকের দ্বারা নির্যাতিত হয়েছে। তাই আমরা চাই তাকে স্থায়ী বহিষ্কার করে তার বিরুদ্ধে মামলা করা হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা এটা নিয়ে কাজ করছে। এমনকি শুক্রবার ও শনিবার শহরে চারুকলায় বসে দিনরাত মিটিং করেছে। আজকেও (রোববার) তারা রসায়ন বিভাগে গেছে। তবে তদন্তের বিষয়টি বলতে চাই না। আমরা চাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি হোক।
এর আগে, রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে গত বুধবার উপাচার্য বরাবর অভিযোগপত্র দেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযোগে বলা হয়, থিসিস চলাকালীন সুপারভাইজার (অধ্যাপক) কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হন তিনি। ল্যাবে একা কাজ করার সময় এবং কেমিকেল দেয়ার বাহানায় নিজ কক্ষে ডেকে দরজা আটকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক। তবে অভিযোগটি সম্পূর্ণরূপে অস্বীকার করেন অধ্যাপক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
