নোবিপ্রবির ছাত্রের ওপর হামলা, পাঁচ তরুণ আটক

নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে হামলার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে চার জনই তরুণ। অন্যজন তাদের নেতা।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদি হাউজিং এলাকা ও আশপাশ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- দলনেতা রাব্বি (২৮), রনি (২৪), অধির (১৮), শাওন (১৮) ও রাফসান (২০)।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম আহমেদ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

র‌্যাব-১১ সিপিসি-৩ সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভুক্তভোগী ও বন্ধুরা মাইজদি শহরের হাউজিং এলাকায় ভাড়া নিতে বাসা খুঁজছিলেন। এসময় তরুণরা তাদের পিছু নিয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে থাকে। শামীম এর প্রতিবাদ করলে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, আটকরা দীর্ঘ দিন থেকে মাইজদি ও তার আশপাশের এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধমূলক কাজ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান গোলাম মোর্শেদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.