এইমাত্র পাওয়া

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর বিজ্ঞান অনুষদের অভিযুক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক দেবাশীষ পালিত বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। যতক্ষণ পর্যন্ত তদন্তের কাজ শেষ না হয়, অভিযুক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার চবি শহীদ মিনার, বিভাগের সভাপতির কক্ষ ও প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেন।

এর আগে, বুধবার রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন, যিনি ওই শিক্ষকের তত্ত্বাবধানে থিসিস করছিলেন।

এতে তিনি উল্লেখ করেন, থিসিস শুরু হওয়ার পর থেকে ওই শিক্ষক অভিযোগকারী ছাত্রীর জোর করে হাত চেপে ধরা, শরীরের বিভিন্ন অংশে অতর্কিতে ও জোরপূর্বক স্পর্শ করা, কথাবার্তায় অসঙ্গত ও অনুপযুক্ত শব্দের ব্যবহার করে যৌন হয়রানি করেন। এরপর কেমিক্যাল দেওয়ার অজুহাতে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

যদিও ওই শিক্ষক এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে ছাত্রীর অভিযোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলের আহ্বায়ক শিরীণ আখতার সাংবাদিকদের বলেছেন, অভিযোগ খতিয়ে দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.