দিনাজপুরঃ জেলার খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ।
স্থানীয়রা জানান, তীব্র শীতে কয়েক দিন ধরে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।
বিদ্যালয়সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর, সুমন নামে কয়েকজন জানান, দুপুর সাড়ে ১২টায় স্কুল তালাবদ্ধ, কেউ নাই হয়তো বাড়ি গেছেন স্যারেরা।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায়ের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘শীতের কারণে কোনো শিক্ষার্থী আসে নাই। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়েছিলাম। হয়তো বাকি শিক্ষকরা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকবলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। এত তাড়াতাড়ি বিদ্যালয়ে বন্ধ করলে এটা অবশ্যই অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
