এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষকের বদলির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীঃ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের বদলির দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পরে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে নরসিংদী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচিতে পালন করে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বসে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বদলির দাবিতে ৭২ ঘণ্টা ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয়। পরে জেলা প্রশাসক ড. বদিউল আলমের কাছে লিখিত অভিযোগ দেন তারা। বিষয়টি তদন্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের পর ডিসি অফিস ত্যাগ করেন।

স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক শিউলি আক্তার বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। গত বৃহস্পতিবার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব নিধারিত বিদায় অনুষ্ঠানের হওয়ার কথা ছিল। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক শিউলি আক্তার বিদায় অনুষ্ঠান উপলক্ষে আগত শিক্ষার্থীদের স্কুলে বা অনুষ্ঠানস্থলে ডুকতে দিচ্ছিল না। পরে প্রতিবাদে মুখে শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে ডুকতে দিলেও পাঁচ মিনিটের আলোচনার পর বিদায় অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। এতে ফুঁসে উঠেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের উপর চড়াও হন প্রধান শিক্ষক। এছাড়া বিদায় অনুষ্ঠান বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হলেও নিম্ন মানের খাবার বিতরণ করা হয়েছে। টিফিনেও নিম্নমানের খাবার দেয়ার প্রতিবাদ করলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ রয়েছে। শীতের সকালে পিটি (দৈনিক সমাবেশ) নামে শিক্ষার্থীদের শরীর থেকে শীতের কাপড় খুলে নিতেন তিনি। ফলে অনেক শিক্ষার্থী শীতে জবুথবু হয়ে অসুস্থ হয়ে পড়েন। সবশেষ এসএসসি পরীক্ষার্থী (দশম শ্রেণির) শেষ ক্লাসের দিনে র‌্যাক ডের আয়োজন করা হয়। ওই সময় ৩৫০ জন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হলেও, সে অনুষ্ঠান করেনি প্রধান শিক্ষক। ওই সময় শিক্ষার্থীদের অনুষ্ঠান করতে না দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে তালা মেরে রেখে দেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। শুধু তাই নয়, স্কুলের ৪৬ জন শিক্ষক থাকলেও বিদায় অনুষ্ঠানে ৬ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এই ধারাবাহিকতায় স্কুলের বিদায়ী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নামে।

আরও জানা যায়, প্রধান শিক্ষক শিউলি আক্তার স্কুলের কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা ও অর্ধশতাধিক কম্পিউটার ক্রয়সহ স্কুলের উপকর ক্রয়ের নামে লাখ লাখ টাকা লোপাট করেছেন। স্কুলের টিফিনসহ সকল উপকরণ প্রধান শিক্ষকের স্বামী স্কুলে সরবরাহ করেন। যা নিয়ম বহির্ভূত। প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান শিক্ষকের রোষানলে পড়তে হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এক সঙ্গে স্কুলের ১৫ শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে। ফলে তার অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। গতবছর শাখা সিদুর পড়ে বিবাহিত মেয়েরা এসএসসি পরীক্ষা দিতে গেলে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেননি। পরে তৎকালীন উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

স্কুলের এক শিক্ষার্থী বলেন, ম্যাডাম শুধু আমাদের সঙ্গেই খারাপ ব্যবহার করে না, অভিভাবকদের সঙ্গে ও খারাপ ব্যবহার করেন। আমরা তার ভয়ের কারণে কোনো প্রয়োজনে ও ম্যাডামের কাছে যেতে পারি না। আমরা শিক্ষার্থী বান্ধব প্রধান শিক্ষক চাই।

স্কুলের এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক আমাদের মেয়েদের হেনস্তা করছেন। তিনি এসএসসি পরীক্ষার হলে শিক্ষার্থীদের ডেকে নেয়ার হুমকি নিয়েছে। তার সীমাহীন দুর্নীতির কারণে স্কুলের আজ বাজে অবস্থা। আমরা প্রধান শিক্ষকের দ্রুত বদলি চাই।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, শিক্ষার্থী ও অভিভাবকরা আমাকে একটা অভিযোগপত্র জমা দিয়েছে। তার প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি পাঁচ কার্যদিবসে তাদের তদন্ত রিপোর্ট দেবে। রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর শিক্ষার্থীদের ভয়ের কোনো কারণ নেই। তাদের পাশে জেলা প্রশাসন আছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.