যশোরঃ জেলায় শিক্ষককে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম রাব্বি (২৫)। ওই শিক্ষকের নাম শিক্ষক আব্দুল মালেক (৫৫), তিনি কোতোয়ালী আরবপুর এলাকার আলিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় ঢাকার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে আসামি রাব্বিকে গ্রেপ্তার করে র্যাব-২।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেককে ধরে নিয়ে যায় স্থানীয় সাত-আটজন সন্ত্রাসী। তাকে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা ছুটে এলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। গত ১৭ জানুয়ারি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী মারা যান। এ ঘটনায় নিহত আব্দুল মালেকের ছেলে বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনকে আসামি এবং চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের জানায়, মামলার এজাহার সূত্রে জানা যায়, আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক (৫৫) সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা চাওয়ায় তাদের বিরুদ্ধে সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। এ মামলা করার কারণে তাকে নৃশংসভাবে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করে সন্ত্রাসীরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
