এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করার ঘোষণা

ঢাকাঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা পূর্বক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্যমুক্ত দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা বায়ুদূষণ কমানো নয়, মাণ্ডা এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করা হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর মাণ্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্যমুক্ত দেশ গড়া সম্ভব হবে।

পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার দিক বিবেচনায় মুগদা থানাকে রাজধানীর রোল মডেল করা হবে। ঢাকা-৯ আসনের প্রতিটি এলাকায় সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়েও জোর দেওয়া হবে ৷

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭১নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, মুগদা থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার ও যুবলীগ নেতা হাজী বিপ্লব হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.