চাঁদপুরঃ জেলার হাজীগঞ্জে একটি মাদ্রাসার অধ্যক্ষের সামনে দুই শিক্ষকের মারামারি হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে মাদ্রাসার পরিচালনা পর্ষদ অভিযুক্ত দুই শিক্ষককে শোকজ করে।
এর আগে উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গতকাল মঙ্গলবার দুই শিক্ষকের মারামারি হয়।
মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে মাদ্রাসার শিক্ষক দিদার হোসেন নবম শ্রেণির ক্লাস নিতে গিয়ে কিছুটা বিলম্ব করেন। ক্লাস শেষে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন তিনি। ক্লাসে বিলম্ব হওয়ার কারণ জানতে চান অধ্যক্ষ। একপর্যায়ে কথার মাঝে হাসান নামে আরেক শিক্ষক অধ্যক্ষের সঙ্গে দিদারকে শাসিয়ে তর্কে জড়ান। এ নিয়ে অধ্যক্ষের সামনেই শিক্ষক দিদার ও হাসানের মারামারি হয়। পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনার পর আজ বুধবার সকালে দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্লাস বর্জন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
তবে এ ঘটনার বিষয়ে কথা কোনো কথা বলেননি মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এম এ হাসেম হাসু বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত ওই দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। শিক্ষকদের এমন অশালীন আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে ফেরে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
