এইমাত্র পাওয়া

গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। এরপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে গেলে ভর্তি কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে শিক্ষক সমিতি গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকতে পারবে কি-না এনিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত বছরের ভর্তি কার্যক্রমেও গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকতে পারেননি তারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘ইবি শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে এককভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর করার বিষয়ে একমত হয়েছে। বুধবার ভিসিকে বিষয়টি চিঠি আকারে জানানো হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় তবে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবে না।’

গতবছরের মত সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি-না জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতি আমাদের আচার্য। যেহেতু তার সুপ্রিম পাওয়ার তাই এমন কিছু হলে আমাদের আবার ভাবতে হবে। আমাদের মতের বিপক্ষ কোনো কিছু হলে পরবর্তী কার্যক্রমের বিষয়ে কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, সম্প্রতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য), ৯ মার্চ ‘বি’ ইউনিট (মানবিক) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.