দিনাজপুরঃ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে দিনাজপুরের খানসামায় উপেক্ষিত মাউশির সেই নির্দেশনা। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও খোলা রয়েছে এখানকার মাধ্যমিক স্কুলগুলো। এতে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। তবে বন্ধ রয়েছে প্রাথমিক স্কুলগুলো।
জানা যায়, সপ্তাহখানেকের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁবু উত্তরাঞ্চলের মানুষ। এই পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী আঞ্চলিক উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসার আলোচনা করে মাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম বন্ধের কথা জানান।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেসময় আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা আরও নেমে যায়- ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে; একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এমন তীব্র শীতের মধ্যেও স্কুলে যেতে হচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীদের।
খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশা রানী বলে, ‘স্কুল বন্ধ না থাকায় আমরা নিয়মিত স্কুলে আসতেছি।’
শাহপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকেরা নিয়মিত স্কুলে উপস্থিত হচ্ছেন।’
কাচিনীয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় আমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক বলেন, ‘আবহাওয়া বিবেচনায় আঞ্চলিক উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে পারবেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা স্থানীয় পরিস্থিতি আমাদের জানালে তখন সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি ও বিদ্যালয় বন্ধে ব্যবস্থা গ্রহণ করি।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
