তিন দফা দাবিতে রাবির রোকেয়া হলের ক্যান্টিনে তালা

রাজশাহীঃ ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ক্যান্টিনে তালা দিয়ে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ক্যান্টিনে তালা দিয়ে হল গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। সাড়ে দশটার দিকে হল প্রাধ্যক্ষ এসে তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে প্রাধ্যক্ষ সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে বারোটার দিকে আন্দোলন স্থগিত করেন তারা।

তাদের দাবিগুলো হলো- ক্যান্টিন ব্যবস্থাপকের অপসারণ, ক্যান্টিনের খাবারের মান বাড়ানো এবং নতুন ব্যবস্থাপক নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করা।

এসময় ‘খাবারের মান বাড়ানো হোক, নাহলে গণরুমের জন্য ব্লকে রান্নাঘর চাই’, ‘খাবার খেয়ে অসুস্থ হলে দায়ভার হবে কার?’, ‘খালাদের ভালো ব্যবহার চাই’, ‘খিচুড়িতে কি শুধু হলুদই দেওয়া হয়?’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাতদিনের মধ্যে তাদের দাবিগুলো পূরণ না করলে, আবারও আন্দোলনে নামবেন তারা। এছাড়া, দাবি পূরন না হওয়া পর্যন্ত ক্যান্টিনের তালা খুলবেন না। তবে, নতুন ব্যবস্থাপক নিয়োগ না হওয়ার আগে হল কর্তৃপক্ষ বিকল্পভাবে খাবারের ব্যবস্থা করলে তারা তালা খুলে দিবেন।

আন্দোলনকারীদের একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মরিয়ম পলি বলেন, ক্যান্টিনের নতুন ব্যবস্থাপক আসার পর থেকেই ক্রমাগতভাবে খাবার নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। বিভিন্ন সমস্যা বলতে সকাল সাড়ে আটটার মধ্যেই খাবার শেষ হয়ে যায়। খাবার মানসম্পন্ন হয়না। রুটি বানায় টিস্যু পেপারের মত পাতলা করে। খিচুড়িতে ডাল থাকেনা, আবার শুকনা মরিচ দিয়ে রান্না করে। সবজি পাওয়া যায়না। হালুয়ার মত ডাল রান্না করে। এককথায় ওইসব খাবার মেয়েরা খেতে পারেনা। গুটিকয়েক যারা ওই খাবার খায়, তাদের অনেকের আবার পেটে সমস্যা হয়।

তিনি আরও বলেন, এইসকল সমস্যা নিয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রীরা অনেকবার কথা বললেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই একই দাবিতে তৃতীয়বারের মত আজ আমাদের আন্দোলন করা লাগছে। মূলত, আজ সকালে কয়েকজন খেতে গিয়ে খাবার না পেলে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয় এবং সেখান থেকেই আন্দোলন শুরু হয়। সাতদিনের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ না করলে, আবারও আন্দোলনে নামবো আমরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.