নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গায় সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায়ও দেখা দেয় একই অবস্থা। কিছু সময় মুষলধারে বৃষ্টি হয়। এরপর আবারও কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে।
এর আগে, বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়।
এদিকে তীব্র শীতের সঙ্গে বৃষ্টির কারণে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জেলার মাঠে মাঠে আলু, বোরো ধান এবং ভুট্টা রয়েছে। অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৫টা ৫০ মিনিট থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায় বৃষ্টিপাত শুরু হয়, যা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কম এবং বৃষ্টি অব্যাহত থাকার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল চুয়াডাঙ্গা জেলাতে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এই জেলাতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে এই জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ করেনি কর্তৃপক্ষ। ফলে সমালোচনার মুখে পড়ে শিক্ষা প্রশাসন।
চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান গতকাল গণমাধ্যমকে বলেছিলেন, ‘তাপমাত্রা ১০ এর নিচে আছে। তবে বন্ধের কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। আগামীকাল (বৃহস্পতিবার) যদি তাপমাত্রা ১০ এর নিচে থাকে তবে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা যাবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) পৃথকভাবে এমন সিদ্ধান্ত দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
