নিজস্ব প্রতিবেদক, বরগুনাঃ স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোনো নেতা এলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না, আমি এটা পছন্দ করি না বলে একটি স্কুলছাত্রদের দেয়া ফুল ছিড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ সাংসদ টুকুর প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংর্বধনা শেষে বরগুনা-১ আসনের নব-নির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এমন মুহূর্তে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। সাংসদ গোলাম সরোয়ার টুকু প্রাইমারি স্কুলের বাচ্চাদের দেখেই ক্ষুব্দ হন। প্রধান শিক্ষকের দেয়া ফুল ছিড়ে ফেলেন এবং শিক্ষককে বলেন, প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনী রাস্তায় নামিয়ে আনলেন? কোনো নেতা এলে বাচ্চাদের রাস্তায় আনবেন না? আমি এটা পছন্দ করি না। আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না। মুহূর্তের মধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ সাংসদের প্রসংশা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজাউল করিম রেজা তালুকদার নামের একজন মন্তব্য করেন, নতুন চাঁদ। হাবিবুর রহমান নামের একজন মন্তব্য করে লেখেন, বরগুনায় এমন একজন নেতার দরকার ছিল। ফারুক হোসাইন খান নামের একজন মন্তব্য করেন, ধন্যবাদ একেই বলে নেতা।জি এম মাসুম নামের একজন মন্তব্য করেছেন সাংসদ সদস্যের এমন কাজটি খুব ভালো লেগেছে।
সাংসদ গোলাম সরোয়ার টুকু বলেন, শিশুরা হলো আগামী দিনের কাণ্ডারী। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাড় করিয়ে রাখতে হবে। এটা কোনো দিন কাম্য হওয়া উচিত নয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
