এইমাত্র পাওয়া

বুধ ও বৃহস্পতিবার দেশের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশজুড়ে তীব্র শীতের মধ্যেই সোমবার ঢাকাসহ বেশ কিছু জায়গায় রোদের দেখা মিলেছিল। ঘন কুয়াশার দাপটও তেমন একটা দেখা যায়নি। তবে, আজ মঙ্গলবার থেকে ফের শীতের তীব্রতা ও কুয়াশার ঘনত্ব দৃশ্যমান ছিল। এর মধ্যে টানা দুদিনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার খুলনা বিভাগে ১০ জেলার অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এ ছাড়া বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.