মো. জামিল বাসারঃ শিক্ষকতা পেশাকে বলা হয় মহান পেশা। শিক্ষক শব্দটি প্রতিটি শিক্ষার্থীর নিকট শ্রদ্ধার এবং ভক্তির। প্রতিটি মানুষের আচরণগত দিকের পরিবর্তন হয় শিক্ষকের সান্নিধ্যেই। শিক্ষা এবং শিক্ষক একে অন্যের পরিপূরক। যেকোনো শিক্ষা অর্জনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।
শিক্ষাগ্রহন তখনই সফল হয়,যখন শিক্ষক এবং শিক্ষার্থীর ভিতরে আন্তরিকতা গড়ে উঠে। প্রতিটি শিক্ষার্থীর নিকট তার শিক্ষক একটি আদর্শ। আদর্শের সেই শিক্ষকটি যদি হয় রাষ্ট্রের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী,তাহলে শিক্ষার্থীও তৃতীয় শ্রেণির সেই শিক্ষককে আর আদর্শ রুপে গ্রহণ করতে চায়না। উন্নত রাষ্ট্র গুলোতে শিক্ষকরা সর্বোচ্চ মর্যাদা পায়। আর আমাদের দেশের শিক্ষকরা প্রতিষ্ঠান ভেদে তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারী।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ সনদ নেওয়া একজন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরিক্ষার মাধ্যমে যখন প্রাথমিকের শিক্ষক হয়ে আসে তখন রাষ্ট্রের ১৩ তম গ্রেডের তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে যায়। একই ব্যাক্তি একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভিন্ন দপ্তরে গেলে ৯ম, ১০ম গ্রেডের কর্মকর্তা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করা অনেক শিক্ষকই ভিন্ন ভিন্ন পেশা বেঁছে নিয়ে চলে যাওয়ার মূল কারনই হচ্ছে এই গ্রেড বৈষম্য। শিক্ষকতা পেশাটা উচ্চশিক্ষিত একজন শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় নয়। ১৭ হাজার ৫৭০ টাকা সম্মানিতে ১৩ তম গ্রেডের প্রাথমিক শিক্ষকতা পেশাকে উচ্চশিক্ষিত মেধাবীদের নিকট আকর্ষণীয় করতে হলে সহকারী শিক্ষক নিয়োগবিধিতে ১৩ তম গ্রেডের পরিবর্তে নূন্যতম ১০ম গ্রেড রেখে নিয়োগবিধি পরিবর্তন এখন সময়ের দাবী।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষা এবং শিক্ষকদেরকে পেছনে রেখে নয় বরং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা এবং শিক্ষকদের প্রাধান্য দিতে হবে।
অতএব সময় এসেছে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় পেশা হিসেবে গড়ে তোলার । তরুণ মেধাবী শিক্ষার্থীরা যেনো প্রথম পছন্দ হিসেবে শিক্ষকতা পেশাকে বেঁছে নেয় সেজন্য শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে বর্তমান সরকারের দুজন তরুণ মন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় দ্বয়ের সদয় দৃষ্টি এবং সদয় হস্তক্ষেপ কামনা করছি।
লেখকঃ শিক্ষক, ধনবাড়ী, টাংগাইল
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
