ইসরায়েলকে কেউ থামাতে পারবে না: নেতানিয়াহু

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে এই অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে দেশটি।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবি উঠে বিভিন্ন দেশে। এমনকি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলাও হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউই তাদের থামাতে পারবে না। খবর এএফপি।

প্রতিবেদনটিতে বলা হয়, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে ইসরায়েলকে কেউ থামাতে পারবে না বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জানিয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন রবিবার ১০০তম দিনে পা দিচ্ছে। এই অবস্থায় শনিবার টেলিভিশনে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘কেউ আমাদের থামাতে পারবে না। দ্য হেগ (আন্তর্জাতিক অপরাধ আদালত) নয়, অ্যাক্সিস অব ইভিল (অশুভ শক্তি) নয় এবং অন্য কেউই নয়। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো এবং যেটা প্রয়োজনীয় আমরা সেটাই করব।’ জাতিসংঘের শীর্ষ আদালত বলে পরিচিত দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা একটি মামলার কথা উল্লেখ করে নেতানিয়াহু এসব কথা বলেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের আক্রমণ জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।

এর আগে গত ডিসেম্বরে কোন কিছুই ইসরায়েলকে থামাতে পারবে না বলে দাবি করেছিলেন নেতানিয়াহু। সেসময় এক ভিডিও-বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শেষ অবধি লড়াই চালিয়ে যাব। এ নিয়ে কোনও প্রশ্নই নেই। আন্তর্জাতিক চাপের মধ্যে আমি অত্যন্ত বেদনা নিয়ে এসব কথা বলছি। কিছুই আমাদের থামাতে পারবে না। আমরা শেষ পর্যন্ত লড়ব, জয় না হওয়া পর্যন্ত, এর চেয়ে কম কিছু হবে না।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার এবং শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.