কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি।।

কৃষি প্রাধান্য ৭ টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এজন্য প্রশ্ন তৈরি, প্রশ্ন সরবরাহ, আসন বিন্যাসসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া  ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানান কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এবার ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৭৫,৯৩৯ জন। সিজিপিএ ৯.১৫ ও তদোর্ধের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় ৩৫,৯৮২ জনকে সুযোগ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্ববধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৫ টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকৃবিতে ১৬ টি অঞ্চলে ২৩৪ টি কক্ষে ১২৬৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে বলে জানানো হয়।

 

অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রশ্ন ফাঁসসহ সকল ধরনের অসাধু উপায় রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই গুজবে কান না দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের  এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, মেধাবীদের এ পরীক্ষার মাধ্যমে বাচাই করা হবে। আজকে কৃষিতে যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে মেধাবীদের প্রয়োজন। শুধু মাত্র মেধার মাধ্যমেই একটা দেশ সামগ্রিকভাবে উন্নয়ন করতে পারে।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন, রেজিস্টার মো. ছাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হকসহ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.